প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখল: নগরীর শৃঙ্খলার প্রয়োজনে কঠোর পদক্ষেপ চাই
সিলেট এডিশন ডেস্ক
সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিস্তার ও ফুটপাত দখল এখন নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির নাম। যানজট, দুর্ঘটনা, বিদ্যুৎ অপচয় এবং নগরীর সৌন্দর্য নষ্ট হওয়া—সব মিলিয়ে বিষয়টি এক ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি জনতার সঙ্গে রাস্তায় নেমে যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা নিঃসন্দেহে নগরবাসীর দীর্ঘদিনের দাবিকে সামনে নিয়ে এসেছে।
শহরের রাস্তাঘাট মানুষের চলাচলের জন্য, আর ফুটপাত পথচারীর জন্য—এটি অস্বীকার করার উপায় নেই। অথচ আজ এসব জায়গা দখল হয়ে পড়েছে অবৈধ যানবাহন ও হকারদের কারণে। নগরজীবন যেন শৃঙ্খলাহীনতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের কথা বলা হলেও কর্মসংস্থানের নামে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার কোনো সুযোগ নেই।
ব্যাটারিচালিত রিকশা একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, অন্যদিকে বিদ্যুতের ওপর অযথা চাপ সৃষ্টি করে। বিকল্প হিসেবে হাতে চালিত রিকশা চালু রাখা সম্ভব। তাছাড়া হকারদের জন্য নির্দিষ্ট জায়গা ও যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করা গেলে সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।
আমরা মনে করি, নগর উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের গৃহীত পদক্ষেপকে আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। নগরকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে হলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম এখনই বাস্তবায়ন করতে হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।