প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
সিলেটে হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি’র মৃত্যু
সিলেট এডিশন ডেস্ক
কামরুল হাসান জুলহাস, সিলেট:: হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণকারী দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি ইন্তেকাল করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের খেলায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত জ্যাকি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুব আলী জ্যাকি’র আকস্মিক মৃত্যুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। এমন শোকাবহ পরিস্থিতির মধ্যেই রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস এবং নির্ধারিত সময়েই ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জ্যাকি ছিলেন অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ এক নাম। পেসার হিসেবে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্যারিয়ার শেষে তিনি কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা ছিল তার। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদের কোচিং করিয়েছেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জ্যাকি।
ক্রিকেট উৎসবের মাঝেই এই দুঃসংবাদ বিপিএলের দ্বিতীয় দিনে ঢাকার শিবিরের জন্য বড় ধাক্কা হয়ে আসে। দেশের একজন প্রিয় ও নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক মৃত্যুতে সমগ্র ক্রিকেট অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।
ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতালের সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকই তার মৃত্যুর কারণ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।