প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
ধর্মপাশায় লাউগাছসহ বিভিন্ন সবজির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকা
সিলেট এডিশন ডেস্ক
ইমাম হোসেন,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় রাতের আঁধারে ৭ কৃষকের আবাদকৃত লাউ, টমেটো, কপি, শিম, পুঁইশাক, মিষ্টি লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, ওই গ্রামের রাসেল মিয়া, জামাল মিয়া, মজিবুর রহমান, জহিরুল ইসলাম ওরফে সদ্দু, হুমায়ুন কবীর, দুলাল মিয়া, আনু মিয়া।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের দুধবহন চকপাড়া গ্রামে এ ঘটনা ঘঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যা, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশে হিমু, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ।
কৃষকরা জানান, প্রতিদিনের মতো আবারকৃত লাউ, টমেটো, কপি, শিম, পুঁইশাক, মিষ্টি লাউক্ষেতের পরিচর্যা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখেন তাদের লাউগাছসহ সব সবজির গাছ কে বা কারা গোড়া থেকে কেটে ফেলেছে। এসব দেখে অনেক কৃষক কান্নায় ভেঙে পড়ে। তাদের দাবি শ্রম ও সার-ওষুধসহ মোট ক্ষতির পরিমাণ ২০-২৫ লাখ টাকার মতো হবে। তারা আরো বলেন, আমরা বহু বছর ধরে এসব সবজি চাষ করে আসছি, আগে কখনোই এমন ঘটনা ঘটেনি, এ অপরাধের সঠিক বিচার চাই।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।