প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
গভীর নলকূপে আটকে দুই বছরের সাজিদ—দ্বিতীয় দিনেও টানা উদ্ধার অভিযান
সিলেট এডিশন ডেস্ক
অপু দাস, রাজশাহী:: রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে দুর্ঘটনা ঘটার পর থেকে রাতভর চেষ্টা চললেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে। মা তিন সন্তানকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিলেন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত খোলা গভীর নলকূপের মুখ দিয়ে নিচে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্যোগ নেওয়া সত্ত্বেও তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।
পরে বিকাল ৫টার দিকে ভেকু পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সেই থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সংকীর্ণ নলকূপের গভীরে শিশুটির অবস্থান শনাক্ত করতে এবং নিরাপদভাবে উদ্ধারের পথ তৈরি করতে বিশেষজ্ঞ সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, “অনেক সময় পেরিয়ে গেলেও আমরা বিশ্বাস করছি শিশুটি এখনও জীবিত আছে। তাকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে ঘটনাস্থলে শিশুটির পরিবারের কান্না, স্থানীয় বাসিন্দাদের উৎকণ্ঠা আর সহানুভূতিশীল মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। সবার একটাই প্রার্থনা—দুই বছরের সাজিদ যেন প্রাণে বেঁচে সুস্থভাবে ফিরে আসে তার মায়ের কোলে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।