প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র সহায়তায় ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতের মালদা জেলার বাসিন্দা মৃতা তারা বানুর মেয়ে ও স্বজনরা শেষবারের মতো তার লাশ দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সমন্বিত সহায়তায় এ বিরল উদ্যোগটি বাস্তবায়িত হয়।
গত ৮ ডিসেম্বর ২০২৫ রাত ৯টার দিকে ৭৫ বছর বয়সী তারা বানু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবর পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামের বাসিন্দা মৃতার মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) ও অন্যান্য আত্মীয়রা লাশ দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুযায়ী তারা বিএসএফের মাধ্যমে বিজিবির নিকট আনুষ্ঠানিক আবেদন করেন।
আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এরপর ৯ ডিসেম্বর সকালেই শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মৃতার লাশ দেখানোর আয়োজন করা হয়।
শেষবারের মতো প্রিয়জনকে দেখে আবেগে ভেঙে পড়েন ভারতীয় আত্মীয়রা। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবি তথা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,“বিজিবি সবসময় যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল। সীমান্তে মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।”
এই উদ্যোগ সীমান্তে দুই দেশের মানুষের মাঝে মানবিক সহাবস্থান ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।