প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
মানবিকতার জয়: জকিগঞ্জের ঘটনা আমাদের শিক্ষা
সিলেট এডিশন ডেস্ক
জকিগঞ্জের বিলেরবন্দ গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি যেন এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। প্রভাবশালীদের অন্যায়ের শিকার হয়ে দীর্ঘ ছয় মাস ধরে একটি পরিবার বন্দি জীবন কাটিয়েছে। অথচ স্থানীয় সমাজপতি কিংবা প্রভাবশালীদের কেউ এগিয়ে আসেননি। বরং টাকার জোরে অন্যায়ের দেয়াল তুলে দেওয়া হয়েছিল একটি অসহায় পরিবারের চারপাশে। এটি শুধু জেসমিন আক্তার ও তার সন্তানের নয়, আমাদের সমাজের জন্যও এক কলঙ্কজনক অধ্যায়।
তবে সুখের বিষয়, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ওসির দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই দেয়াল ভেঙে পরিবারটিকে মুক্ত করা হয়েছে। প্রশাসনের এই সাহসী ও মানবিক হস্তক্ষেপ শুধু একটি পরিবারের জীবন বদলায়নি, বরং পুরো সমাজে ন্যায়বিচারের আশা জাগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের সমর্থন ও প্রশংসা প্রমাণ করেছে—মানুষ এখনো ন্যায়, সত্য ও মানবতার পক্ষে দাঁড়াতে চায়।
এই ঘটনায় আমাদের শিক্ষা হলো, প্রভাবশালীদের অন্যায়ের বিরুদ্ধে যদি প্রশাসন দৃঢ় অবস্থান নেয়, তবে অসহায় মানুষেরা বাঁচতে পারে। আইন ও ন্যায়ের প্রতি আস্থা বাড়ে। তাই এ ধরনের মানবিক পদক্ষেপ বিচ্ছিন্ন না থেকে নিয়মিত হওয়া জরুরি। প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ডে যদি মানুষের প্রতি সহমর্মিতা ও ন্যায়বোধ অটল থাকে, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার অনেকাংশে কমে যাবে।
জকিগঞ্জের ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট বার্তা দিয়েছে—মানুষ প্রশাসনের কাছেই নিরাপদ। এখন প্রয়োজন এ ধারা অব্যাহত রাখা, যাতে কোনো পরিবারকে আর অন্যায়ের দেয়ালে বন্দি থাকতে না হয়। মানবিকতার এই জয় হোক সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।