প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুইজনের মৃত্যু
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া,জামালপুর::জামালপুরের দেওয়ানগঞ্জে ভুলবশত ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া ।
নিহতের স্বজনেরা জানান- রবিবার দুপুরে দু’জনই গ্যাসের ওষুধ ভেবে ভুল করে বাড়িতে রাখা ইঁদুর নাশক ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়।
পরে গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমল মিয়ার।
নিহত দুইজনই একে অপরের বেয়াই বলে জানিয়েছে স্থানীয়রা। এসব বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন-‘এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।