প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
কুয়ারপাড় এলাকায় মাদক–জুয়া ও কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যে থামাতে, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয় কুয়ারপাড় এলাকা সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডে অস্থিতিশীল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ৫ ডিসেম্বর আলোচনায় অংশ নিয়ে সমাজ বিরোধী কর্মকাণ্ড দমনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এ পরিস্থিতিতে তাদের ধন্যবাদ জানিয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সংশ্লিষ্টরা।
সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বৃহত্তর কুয়ারপাড় এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক, জুয়া ও কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। এসব দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সিলেট সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
অভিযোগে বলা হয়েছে, মাদক ব্যবসা, জুয়ার আসর, কিশোরগ্যাংয়ের উৎপাত—এসব অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে এলাকায় পরিবেশ ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে এবং যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে জুয়ার কারণে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে, যা সামাজিক ও পারিবারিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা না নিলে কুয়ারপাড়সহ সিলেটের বিভিন্ন এলাকায় অপরাধ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, মাদক ব্যবসায়ী, জুয়ার বোর্ড পরিচালনাকারী ও কিশোরগ্যাং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
স্থানীয়দের আহ্বান—যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধীর দৌরাত্ম্য বন্ধ করে কুয়ারপাড় এলাকার শান্ত পরিবেশ পুনরুদ্ধার করা হোক।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।