প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
ওসমানীনগরে যুবদল নেতার দোকানে সন্ত্রাসী হামলা: নগদ টাকা সহ জরুরি নথিপত্র লুট
সিলেট এডিশন ডেস্ক
ওসমানীনগর/সিলেট:: সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উমরপুর ইউনিয়নের খাদিমপুর বাজারে অবস্থিত খাদমপুর ড্রাগ হাউজে এ হামলা চালানো হয়।
সংঘবদ্ধ সন্ত্রাসী দল আকস্মিকভাবে দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় দোকানের কেশ ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী যুবলীগ এর একটি সন্ত্রাসী চক্র জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
হামলার ঘটনায় দোকানের মালামাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী যুবদল নেতা আহবাবুল হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। আমাকে আতঙ্কিত করা ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই এই তাণ্ডব চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানি ও স্থানীয় জনসাধারণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাজারে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার সামছুল জানান,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।