প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
খাদিমে চা বাগানের জমি দখলচেষ্টা, শাহপরান থানায় জিডি
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের শাহপরান থানার অন্তর্গত খাদিম টি এস্টেটের জমি দখলের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ নিয়ে বাগান কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাগান সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকালে সাবেক দুর্নীতিবাজ ম্যানেজার শামীমের নেতৃত্বে মিলাদ আহমদ, শুকুর আলী, প্রদীপ বুনাজী ও কানাই গোয়ালা বাগানের সাইনবোর্ড খুলে ফেলতে গেলে পাহারাদার জালু বাধা দেন। এ সময় তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি ম্যানেজার আতিকুর রহমান আতিক লিজগ্রহীতা আফজাল রশীদকে জানালে, তার পরামর্শে চারজনকে আসামি করে শাহপরান থানায় জিডি (নং ১৫০০/২৫) দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, ওই চক্র দীর্ঘদিন ধরে জাল দলিল ও কাগজপত্র তৈরি করে খাদিম টি এস্টেটের জমি দখল করছে। তারা বস্তি গড়ে তোলা, টিলা কেটে প্লট তৈরি এবং স্ট্যাম্পের মাধ্যমে অনুমোদনহীন জমি বিক্রির সঙ্গেও জড়িত।
এছাড়া মোহাম্মদপুর এলাকার সাদ্দাম নামে এক ব্যক্তি বাগান কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজির মামলা রয়েছে।
উল্লেখ্য, খাদিম টি এস্টেটের লিজ ২০১২ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে নিনা আফজাল রশীদ চৌধুরীর নামে। নতুন ম্যানেজার হিসেবে আতিকুর রহমান আতিক দায়িত্ব নিলেও জমি দখল ও লুটপাট বন্ধ হচ্ছে না।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।