প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিতদের একাংশের নাচোল রেলপথ অবরোধ
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রবিবার (১৬ নভেম্বর) ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি সকাল ১০:৪০ মিনিটে নাচোল ষ্টেশনে পৌঁছে। এর পূর্ব থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও আব্দুস সালাম তুহিনের অনুসারীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
রেলপথ অবরোধে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে । তাদের দাবি, বিগত সময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমিনুল ইসলামের কোনো সম্পর্ক ছিল না। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করেই কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন।
নেতাকর্মীরা বলেন, আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিবো।
এই সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময়, ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, কসবা ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলেমান, ফতেহপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নাচোল ইউনিয়নের গোলাপ আলীসহ তৃণমূল কর্মীরা।
তবে প্রশাসন ও স্থানীয়দের তোপের মুখে তাদের এ অবরোধ ভেস্তে যায় এবং যথাসময়ে ট্রেনটি নাচোল ষ্টেশন ত্যাগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন, জনসাধারণকে জিম্মি করে এভাবে রেলপথ অবরোধ অযৌক্তিক। তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করা দরকার। সাধারণ জনগণ নমিনেশন প্রত্যাহার করার কেউ নয়।
নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ্ বলেন, নাচোল ষ্টেশনে থমথমে অবস্থা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।