প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সিলেটে চা বাগানে নজিরবিহীন অভিযানে অবৈধভাবে নির্মান করা ৩০ টি ভবন ভাংচুর, উদ্ধার করা হয়েছে অস্ত্র- মাদক গ্রেপ্তার-২
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানের খাস জমিতে গড়ে ওঠা অন্তত ৩০টি অবৈধ ভবন গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জাল দলিল চক্রের দুই সদস্যকে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল দলিল লেখক শাহজাহান ওমর এবং চা বাগানের সাবেক ম্যানেজার শামীমসহ জালিয়াত চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগের দিন শুক্রবার বিকেলে পরিচালিত আরেক অভিযানে জালিয়াত চক্রের অন্যতম প্রধান মোজাম্মেল হোসেন লিটন (৩৮)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ম্যানেজার শামীম, লিটন, টিকাদার জামান ও শাহজাহান ওমরের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিল তৈরি করে জমি বিক্রি করছিল। বাগান শ্রমিকদের জায়গা জোরপূর্বক দখল ও উচ্ছেদের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান,
“অভিযানে অস্ত্র, মাদকদ্রব্যসহ গুরুত্বপূর্ণ প্রমাণ জব্দ করা হয়েছে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের ধারাবাহিক অভিযানের ফলে চা বাগান এলাকায় জালিয়াত চক্রের দৌরাত্ম্যে কিছুটা লাগাম টানবে বলে আশা করছেন স্থানীয়রা।
এর আগে গত ১ বছর যাবৎ অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রচার করে আসছে তালাশ টিভি ডট লাইভ, সময় টিভি বাংল, সিলেট এডিশন ও জাতীয় দৈনিক বিকাল বার্তা। অবশেষে ঘুম ভেঙ্গেছে জেলা প্রশাসনের।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।