প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
জগন্নাথপুরে শিক্ষকের হাতে ছাত্রী রক্তাক্ত! ভিডিও ভাইরাল
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষকের নৃশংস নির্যাতনে আহত হয়েছে এক স্কুলছাত্রী। কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ কর্তৃক সপ্তম শ্রেণির ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর (রবিবার) বিকেল ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই দিন শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে প্রধান শিক্ষক ফরুক আহমেদ সামান্য কারণে সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-এর ওপর ক্ষিপ্ত হয়ে ডাস্টার দিয়ে নির্বিচারে প্রহার করেন। এতে ছাত্রীটির মুখমণ্ডল ও হাতের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। শুধু তাইনা এক পযায়ে ঐ ছাত্রীর মাথা দিয়ে ডেক্সে আঘাত করেন।
পরে আহত ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। নির্যাতিত ছাত্রী সাইদা বেগমের পিতা মুজিবুর রহমান পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটো চালক।
সাইদা বর্তমানে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত (রোল নম্বর–৪২)। ঘটনার পর সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবক সমাজ দ্রুত এ ঘটনার বস্তুনিষ্ঠ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) সরেজমিনে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক ফরুক আহমেদ বিদ্যালয়ে অনুপস্থিত। এ সময় সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন— “ঘটনাটি আমরা দেখেছি, তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে শিক্ষকের এ ধরনের আচরণ অত্যন্ত অনুচিত।”
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান— “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, “যিনি শিক্ষার্থীকে জ্ঞান দিতে এসেছেন, তিনি যদি এমন নির্মম আচরণ করেন— তাহলে শিক্ষা ব্যবস্থার মান কোথায় যাবে?”
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।