প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরের শাহপরান থানা এলাকার খাদিমনগর ও বহর মৌজার সরকারি খাস জমির ওপর অনুমোদন ছাড়াই একাধিক বাণিজ্যিক অ্যালুমিনিয়াম বাসন কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর ও খাদিমনগর মৌজার কিছু খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। ওই এলাকায় কয়েকটি অ্যালুমিনিয়াম বাসন তৈরির কারখানা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানাগুলোর কোনো কোনো স্থানে
‘বিসিক শিল্পনগরী’ নাম ব্যবহার করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে এসব কারখানা বিসিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে স্থাপন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য, বহর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে দেয়াল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অ্যালুমিনিয়াম বাসনের কারখানা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে পরিবেশ ও স্থানীয় প্রতিবেশের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
অভিযোগে কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি ও অভিযোগ জানানো হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ বা জমির মালিকানা যাচাইয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সরকারি খাস জমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় স্থানীয়রা সিলেটের জেলা প্রশাসন, ভূমি প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে জমির মালিকানা ও কারখানাগুলোর অনুমোদনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
সরকারি খাস জমির ওপর স্থাপনা নির্মাণ এবং কারখানা পরিচালনার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।