প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব জমিকে খাল হিসেবে উপস্থাপন করে হয়রানির অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের মালিকানাধীন জমিকে খাল হিসেবে উপস্থাপন করে মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মোহাম্মদ সুফি মিয়া।
তিনি দাবি করেন, তার নিজস্ব মালিকানাধীন একটি জায়গাকে খাল হিসেবে দেখিয়ে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে দখলের অভিযোগ তুলেছেন। এ ঘটনায় প্রায় ৪০ জনের স্বাক্ষর নিয়ে সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরের কাছে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
মোহাম্মদ সুফি মিয়ার অভিযোগ, তার জমির মালিকানাসংক্রান্ত দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক রয়েছে। প্রকৃত তথ্য গোপন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোহাম্মদ সুফি মিয়া বলেন, “জায়গাটির মালিক আমি। আমার দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। আমার জায়গাকে খাল সাজিয়ে কিছু মানুষ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করছে।”
তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জমির প্রকৃত মালিকানা ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।