উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খতনা করানোর পর তিন শিশুর শারীরিক জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পল্লী চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তার ছেলে ও এক খতনাকারীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুদের বাবা মো. আকবর হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে মো. আকবর হোসেন তার তিন ছেলে মাহিন আহমদ (১২), আদি আহমদ (১০) ও মাহিদ আহমদ (৮)-কে খতনা করানোর জন্য নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।
অভিযোগে বলা হয়েছে, ওই সেন্টারের মালিক মোজাহের রহমান, তার ছেলে ইমরান রহমান, পল্লী চিকিৎসক সৌরভ বর্মন ও খতনাকারী বাপ্পি সরকার মিলে তিন শিশুর খতনা করান। খতনার পর থেকেই শিশুদের শারীরিকভাবে বিভিন্ন জটিলতা দেখা দেয় বলে অভিযোগ করেন তাদের বাবা। বর্তমানে তিন শিশুই অসুস্থ অবস্থায় রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী মো. আকবর হোসেন বলেন, “আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমার অবুঝ তিন সন্তানের ওপর অপচিকিৎসা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ইনাতগঞ্জ বাজারের বাসিন্দা সৌরভ বর্মন (৩৫), গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোজাহের রহমান (৪৫), তার ছেলে ইমরান রহমান (১৬) এবং ইনাতগঞ্জ বাজারের বাপ্পি সরকার (৪৮)।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে অভিযোগে উত্থাপিত অপচিকিৎসার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।