প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
মঈন উদ্দিন:
সিলেট মহানগরীর শাহপরান গেট ও সুরমা গেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে দুটি ফার্মেসিকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
অভিযান সূত্রে জানা যায়, শাহপরান গেট সংলগ্ন কাঁচাবাজার ও বাইপাস সড়কের সুরমা গেট এলাকার বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের ব্যবহারের জন্য সরবরাহ করা ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়, যা বাণিজ্যিকভাবে বিক্রয় নিষিদ্ধ।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের দায়ে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়। পরে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ফার্মেসিগুলোতে মানসম্মত ও নিরাপদ ওষুধের সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় থেকে বিরত থাকার পাশাপাশি আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।