প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
মাদক, যানজট ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান
সুমন মিয়া:
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় বক্তারা মাদক ব্যবসা ও মাদকাসক্তি প্রতিরোধ, যানজট নিরসন এবং মানবপাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। বিশেষ করে সীমান্তবর্তী ও জনবহুল এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা রোধে নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা ফুটপাত দখলমুক্ত করে যানজট কমানো, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং মাদকাসক্তদের আড্ডাস্থলের বিরুদ্ধে পুলিশের নিয়মিত টহল ও অভিযান জোরদারের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোয়ারা ছাদ মাস্টার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান ও হাফিজ মহিবুর রহমানসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক ও যানজট বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব সমস্যা নিরসনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, মাদক, যানজট ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জগন্নাথপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।