প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
সিলেটে গলাকাটা অবস্থায় এক তরুণী উদ্ধার, হাসপাতালে ভর্তি
সিলেট এডিশন ডেস্ক
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, তরুণীর অবস্থা আশঙ্কাজনক।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, ‘তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।