প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী
সিলেট এডিশন ডেস্ক
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কান্দিগাঁও গ্রামের বিশাল হাওরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। “কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়—ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও”—বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গানের সুরে, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে পুরো হাওর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লম্বা লম্বা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাঝিরা। নৌকা বাইচকে ঘিরে কান্দিগাঁও হাওরে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।
প্রতিযোগিতায় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা, নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা ও গোয়ানী গ্রামের নৌকাসহ বিভিন্ন নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরী। এ সময় তাঁর সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল আউয়াল, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস এবং শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি নাছির উদ্দিন চৌধুরী। নৌকা বাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।