প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পাচ্ছি: আসিফ নজরুল
সিলেট এডিশন ডেস্ক
‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদও জানান এ অধ্যাপক। তিনি বলেন, ‘ধন্যবাদ, বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন একটি অধ্যায় উন্মোচিত হয়েছে। ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। পরে শিক্ষকতা ও সরকারি চাকরিতে যুক্ত হন তিনি। এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, বিএনপির তৃণমূলের নেতা, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ এই পথ পেরিয়ে বিএনপির মহাসচিবের দায়িত্বে পৌঁছান মির্জা ফখরুল। ফলে তার রাজনৈতিক জীবন সরলরেখায় এগোয়নি। ছাত্রজীবনের বামপন্থি রাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, সরকারি চাকরি, প্রশাসনিক দায়িত্ব, পৌর রাজনীতি, বিএনপির তৃণমূল নেতৃত্ব, সংসদ ও মন্ত্রিসভা—প্রতিটি ধাপ অতিক্রম করেই তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। বিরোধী দলের কঠিন সময়ের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে মির্জা ফখরুলের। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় দলের মহাসচিব হিসেবেও তিনি সামনে থেকে দায়িত্ব পালন করেছেন।
এবার রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সম্ভাবনা তৈরি করেছে। তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ নিতে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ধাপগুলো এখনো বাকি। আগামী ২০ আগস্টের নির্বাচনের পরই বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকায় ২৩তম নাম হিসেবে চূড়ান্ত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।