প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
কোম্পানীগঞ্জে নারীদের ইয়াবা সেবন করাচ্ছেন আজাদ! ভিডিও ঘিরে তোলপাড়
সিলেট এডিশন ডেস্ক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে আজাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা বিক্রি ও সরবরাহের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ফুটেজে ওই ব্যক্তিকে কয়েকজন নারীর হাতে ইয়াবা সদৃশ মাদক তুলে দিতে এবং নিজ হাতে তা সেবন করাতে দেখা যায়। জানা গেছে, অভিযুক্ত আজাদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্নি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আম্বর আলী। স্থানীয়দের দাবি, আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
প্রতিবেদকের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা যায়, আজাদ নামের ওই ব্যক্তি নারীদের হাতে একটি মাদকজাতীয় দ্রব্য তুলে দিচ্ছেন। একপর্যায়ে তিনি নিজ হাতে তাদের তা সেবন করাতেও দেখা যায়। তবে ভিডিওটির সময়, স্থান ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আজাদ এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তারা দাবি করেন, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট নথি যাচাই ছাড়া নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ভিডিও ফুটেজটি গুরুত্বের সঙ্গে যাচাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত করা হোক। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।