প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে — মিজান চৌধুরী
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস হয়ে গেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। পতিত আওয়ামী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশ ও জাতির স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে ৩১ দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এজন্য প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।
মিজান চৌধুরী আরও বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, যাতে গণতন্ত্র বিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ করা যায়।”তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হলেও দোয়ারাবাজারে কোনো উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের হাসপাতাল রোডের একটি কমিউনিটি সেন্টারে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।