প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
পৌরসভায় রুপান্তরিত হচ্ছে জৈন্তাপুর
সিলেট এডিশন ডেস্ক
সিলেট-৪ আসনের অন্তর্গত জৈন্তাপুরের সংসদ সদস্য প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীতের চেষ্টা চালান। সেই চেষ্টা এবার বাস্তব আকার ধারণ করতে চলেছে। সীমান্তবর্তী এই উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা। এ ব্যাপারে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
স্থানীয় সরকারের পরিধি সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন এই পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়। জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলে উল্লেখিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।