প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার, বিএনপি নেতাসহ আটক ২
সিলেট এডিশন ডেস্ক
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)।
পুলিশ জানায়, এমরান হোসেন রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এমন ঘটনা তার কাছ থেকে প্রত্যাশা করিনি। গ্রেপ্তারের পর তার বিষয়ে থানায় কোনো ধরনের সুপারিশ করা হয়নি। জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই বাস্তবায়ন করা হবে।"
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।