উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ইজারার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, নদীর একটি নির্দিষ্ট অংশ এক বছরের জন্য ইজারা দেওয়া হলেও ইজারার বাইরে কোইছড়াম ও বারহালাসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কৃষিজমি, বসতবাড়ি এবং নদীর দুই পাড় ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, ইজারার শর্ত লঙ্ঘন করে নির্বিচারে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি নদীতীরবর্তী জনপদের মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত সরেজমিন তদন্ত করে ইজারার নির্ধারিত অংশের বাইরে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আবেদনটি এলাকাবাসীর পক্ষে এজাজুর রহমান স্বাক্ষর করেন। এর অনুলিপি জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-৯-এর অধিনায়ক এবং কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।