প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
শাল্লায় এমপি বরাদ্দের রাস্তা নির্মাণ নিয়ে তীব্র বিরোধ, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা
সিলেট এডিশন ডেস্ক
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামে এমপি বরাদ্দের একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রকল্পের কাজ বাস্তবায়ন নিয়ে আপত্তি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের বাসিন্দা মোঃ মর্তুজ আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকল্পের সভাপতি এরশাদ মিয়া ও সদস্য সচিব ইছা মিয়া সরকারী আর্থিক বরাদ্দ লুটপাটের উদ্দেশ্যে এই মালিকানা জায়গায় প্রকল্প চেয়েছে । প্রকল্পটি “দামপুর গ্রামের এরশাদ মিয়ার বাড়ি হতে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সিসিকরণ ও মাটি ভরাট” শীর্ষক প্রকল্পের কাজ তার ব্যক্তিমালিকানাধীন ও ভোগদখলীয় জমির ওপর দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে । এতে ভবিষ্যতে তার বসতবাড়ি নির্মাণ, পারিবারিক কার্যক্রম এবং সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।
মর্তুজ আলীর অভিযোগ, প্রস্তাবিত রাস্তা মূলত একটি পারিবারিক চলাচলের পথ, যা সাধারণ জনগণের ব্যবহারযোগ্য কোনো গুরুত্বপূর্ণ সড়ক নয়। তিনি দাবি করেন, প্রকল্পটির বাস্তবায়নে জনস্বার্থের চেয়ে সরকারি অর্থের অপচয় ও অনিয়মের সুযোগ বেশি রয়েছে। এ কারণে তিনি প্রকল্পটি বাতিল করে অন্যত্র সরিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” । প্রকল্পের সভাপতি এরশাদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় ।
এদিকে প্রকল্পকে কেন্দ্র করে দামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রামবাসীর একাংশ প্রকল্প বাস্তবায়নের পক্ষে থাকলেও অপর অংশ এর বিরোধিতা করছে। ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা নিরূপণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।