প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
নদীরঘাটে বিড়ির গুদামের সন্ধান
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটে নদীরঘাটে বিড়ির গুদামের সন্ধান পাওয়া গেছে। তাও আবার ভারতীয় নাসির বিড়ির। গুদামটি একটি ইঞ্জিনচালিত নৌকায়। কারবারিরা পালিয়ে গেলেও দেড় লক্ষাধিক টাকার বিড়ি উদ্ধার করেছে জালালাবাদ থানাপুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় বুধবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেমুখী ব্রিজের নিচে অভিযান চালিয় বিড়িগুলো জব্দ করা হয়েছে। তারা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা ও তার ভেতর রক্ষিত কয়েকটি বস্তায় ১ লাখ ৬৮ হাজার পিস নাসির বিড়ি পাওয়া যায়। বিড়িগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ১৭/২৪/০৬/২৬) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি আরও জানান, পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।