প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
খাতুনগঞ্জে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি সিলেট থেকে গ্রেফতার
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের সঙ্গে তার ভায়রা ভাই মো. রনি ও মো. ফারুক খান এবং শ্যালিকা রুমা আক্তার ও শামীমা আক্তারদের দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, গত ৮ জুন ২০২৬ সন্ধ্যায় বিবাদীরা ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাজী আব্দুল আউয়ালের সুপারির দোকানে হামলা চালায়। এ সময় তারা বাদীর বোন জামাই শওকত আলী, বোন শিরিন আক্তার ও দোকানের কর্মচারীদের মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নেওয়া হয়। একই সঙ্গে দোকানের কর্মচারী জাহেদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা ফুডপার্ক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (৩৫), মো. ফারুক খান (৫২) এবং রুমা আক্তার (৩৫)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৬৫, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।