প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
মাজারের স্বচ্ছতা আনার কাজে তাড়াহুড়া করা হয়েছে: প্রবাসীকল্যান মন্ত্রী
সিলেট এডিশন ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে এই ব্যাপারে আলোচনাই করা হয়নি। এটা ৭০০ বছরের একটা ট্র্যাডিশন। তবে মাজারের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারও একমত জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার ও সিলেটের সকল সংসদ সদস্যরা এ ব্যাপারে একমত। মাজারের জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মাজারকে ঘিরে যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে আরিফুল হক বলেন, অতীতে কোনো ভুলত্রুটি বা অনিয়ম হয়ে থাকলেও ভবিষ্যতে তা আর হবে না। একই সঙ্গে মাজারের মসজিদ নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়া নিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তার ভাষ্য, শ্রমবাজার চালুর প্রক্রিয়ার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এরআগে বুধবার দুপুরে চার দিনের সফরে বিমানযোগে সিলেট আসেন আরিফুল হক চৌধুরী। সিলেট আসার পর বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগনের প্রত্যাশা পুরণে কাজ করবো।
মন্ত্রী বলেন, এ ধরণের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগীতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করবো। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।