উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলামসহ অনেকে।
সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের মতো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। সীমান্তে সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।