উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য এবং নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারাবাজারের সাংবাদিক আব্দুল মোতালিব ভঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য, সাংবাদিকদের ওপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদ জানানো ও এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও মানববন্ধনে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।