প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার থেকে যুক্ত হয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৫৫৬টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে সভামঞ্চে উপস্থিত থেকে কার্যক্রমের স্থানীয় উদ্বোধন নিশ্চিত করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে একযোগে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সরাসরি নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সার্বিক জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে সরকারের এই যুগান্তকারী জনকল্যাণমুখী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুবিধাভোগীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দা শাহেরা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক উপকারভোগী জনসাধারণ। ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে গোটা উপজেলাজুড়ে স্থানীয় প্রান্তিক মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।