প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মতিন লাকির
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আব্দুল মতিন লাকি পৌরবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও জনসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে সমর্থন কামনা করেছেন। সম্প্রতি প্রচারপত্রের মাধ্যমে তিনি জানান, জগন্নাথপুর তার প্রাণ, তার গর্ব। শৈশব-কৈশোর থেকে এলাকার মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা আব্দুল মতিন লাকি দীর্ঘদিন প্রবাসে থাকলেও জন্মভূমির উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ‘চ্যারিটি সংস্থা আল-ফাতেহা ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। এর মাধ্যমে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, কোরআন শরীফ প্রদান, মসজিদ স্থাপনসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া করোনা ও বন্যার মতো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
প্রচারপত্রে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও নতুন সড়ক নির্মাণে সহযোগিতা, যুবসমাজের সাংস্কৃতিক চর্চা ও আধুনিক খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং পৌরসভাকে একটি আধুনিক, উন্নয়নশীল, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।