প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
শাল্লা মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি চরম পর্যায়ে ,, তদন্তের দাবি এলাকাবাসীর
সিলেট এডিশন ডেস্ক
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে । সম্প্রতি রিটেইনিং ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । এর আগে গত ৮ জুন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় শাল্লা মডেল মসজিদের নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্তমানে নির্মাণাধীন রিটেইনিং ওয়ালে প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহার করা হচ্ছে এবং রডগুলোও অত্যন্ত ফাঁকা ফাঁকা করে বসানো হচ্ছে। এছাড়া শুকনো মৌসুমে কাজ সম্পন্ন না করে বর্ষা মৌসুমে পানির মধ্যে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। সাধারণ মানুষের আরও অভিযোগ, নির্মাণস্থলে কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিতি নেই। শ্রমিকরা নিজেদের ইচ্ছামতো কাজ পরিচালনা করছেন। নির্মাণস্থলে কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান, ঈদের পর থেকে কোনো প্রকৌশলী সাইটে আসেননি এবং তারাই কাজ চালিয়ে যাচ্ছেন। রডের দূরত্ব বেশি হওয়ার বিষয়ে জানতে চাইলে সাইটে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, “কিছু জায়গায় ফাঁকা হয়েছে, পরে ঠিক করে দেওয়া হবে।”
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মডেল মসজিদের কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।” পরে তিনি সাইটে উপস্থিত ফোরম্যানকে ডেকে নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। এদিকে স্থানীয় সচেতন মহল প্রকল্পটির নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।