প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ময়না মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দানবেন্দ্র তালুকদার, এবিএম মাসুম, অর্চনা রানী তালুকদার, ইয়াছমিন চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীতেষ চন্দ্র দাস, জনী সরকার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুপ নারায়ন, বিধান চৌধুরী, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন, রুপন ভট্টাচার্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম ও সিনিয়ার সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিচারকদের মূল্যায়নে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে অংশগ্রহণকারী সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সারোয়ার জাহান খান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আবু ওবায়দা নাদিম। সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি রচনা করবে।’ তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তারা।উল্লেখ্য, এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল— ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।