উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর শাহপরান ও বিমানবন্দর থানা এলাকার বিভিন্ন চা-বাগান ও বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, চোলাই মদ বিক্রি এবং জুয়া খেলা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল ও সামাজিক সংগঠনের নেতারা দাবি করেছেন, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকার যুব সমাজ ক্রমেই বিপথগামী হয়ে পড়ছে।
অভিযোগে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহপরান থানা এলাকার খাদিম চা-বাগান, বাঘমারা, লোহারপুল, ৩ নম্বর ও ৯ নম্বর উপজাতি কুলি বস্তিসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চোলাই মদ বিক্রি হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে এসব মাদক সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া বরজান চা-বাগানের মাঝলাইন এলাকায় ইয়াবা, গাঁজা ও মদ বিক্রির পাশাপাশি তীর জুয়াসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। শাহপরান মাজারসংলগ্ন কিছু এলাকাতেও মাদক সেবন ও জুয়ার আসর বসার অভিযোগ রয়েছে।
একই ধরনের অভিযোগ উঠেছে সিলেট সদর উপজেলার উছমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম, বহর কলোনি ও বিআইডিসি মীর মহল্লা এলাকায়। অভিযোগকারীদের দাবি, সেখানে দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা ব্যবসা পরিচালিত হচ্ছে, যা এলাকার সামাজিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগকারীরা আরও বলেন, এসব বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ উত্থাপনকারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিমানবন্দর থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।